১২৫০ কোটি ডলার সংগ্রহের সুযোগ
বাংলাদেশের সামনে জলবায়ুবিষয়ক বিভিন্ন কাজে মধ্য মেয়াদে ১ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার বাড়তি সংগ্রহের সুযোগ রয়েছে। বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ প্রদান, কার্বন...
বাংলাদেশের সামনে জলবায়ুবিষয়ক বিভিন্ন কাজে মধ্য মেয়াদে ১ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার বাড়তি সংগ্রহের সুযোগ রয়েছে। বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ প্রদান, কার্বন কর আরোপ এবং বৈদেশিক ও দেশীয় বিনিয়োগ আনার মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা যেতে পারে।
এ জন্য যথাযথ নীতি-পদক্ষেপ নিতে হবে। আর কাঁচামাল সংগ্রহ, প্রতিষ্ঠান পরিচালনা ও পণ্য সরবরাহ—সব পর্যায়ই হতে হবে পরিবেশবান্ধব। এতে দীর্ঘ মেয়াদে বাংলাদেশই উপকৃত হবে। তবে তা করতে গেলে শিগগির এ–সংক্রান্ত গতিশীল কৌশলপত্র প্রণয়ন করতে হবে।
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ৬০ বছর পূর্তি উদ্যাপন এবং দুই দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধনী দিনে ‘গ্রিন ভ্যালু চেইন’ শীর্ষক অধিবেশনে এসব কথা বলা হয়েছে। এতে দেশে সামগ্রিক পণ্য ও পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেওয়া হয়। অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের উন্নয়নপ্রক্রিয়াকে পরিবেশবান্ধব ও ব্যবসাবান্ধব করাই ছিল অধিবেশনটির আলোচ্য বিষয়। সংগঠনটির ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।