১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী ‘কক্সবাজার কার্নিভাল’
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে, আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী ‘কক্সবাজার কা...
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পর্যটন করপোরেশনের
উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে, আগামী ১৫ নভেম্বর থেকে
শুরু হচ্ছে ৩ মাসব্যাপী ‘কক্সবাজার কার্নিভাল-২০২৬’। কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং ও বিভিন্ন অভিজ্ঞতা বুকিং
পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড। আর আয়োজক হিসেবে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস
লিমিটেড।এ উপলক্ষ্যে দুই প্রতিষ্ঠানের
মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ে
বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অংশীদারত্বের বিস্তারিত
তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের
পরিচালক মো. গনী উল আজম।আয়োজিত এই কার্নিভালকে
বাংলাদেশের প্রথম ও বৃহত্তম সমুদ্রসৈকত কার্নিভাল হিসেবে অভিহিত করছেন আয়োজকরা। প্রায়
৩৫ একর এলাকাজুড়ে বিস্তৃত এই আয়োজনে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, উন্মুক্ত চলচ্চিত্র
প্রদর্শনী, আন্তর্জাতিক মানের বালুশিল্প, চিত্র ও কারুশিল্প প্রদর্শনী, খাবার, কেনাকাটা,
শিশুদের বিনোদন, মিনি গলফ, গো-কার্টিং, খেলাধুলা, ক্যাম্পিংসহ নানা অভিজ্ঞতামূলক আয়োজন।
এই কার্নিভালের মাধ্যমে
কক্সবাজারের পর্যটনকে আরও বৈচিত্র্যময় ও অভিজ্ঞতাভিত্তিক করে তোলার পাশাপাশি স্থানীয়
উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কারুশিল্পী ও পর্যটনসেবা প্রদানকারীদের জন্য নতুন সুযোগ
তৈরির লক্ষ্য রয়েছে। কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং, বিভিন্ন অভিজ্ঞতা ও কার্যক্রমের
বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সেবা দেবে
‘টিকিফাই লিমিটেড’। ১৯ নভেম্বর ২০২৬ থেকে অনলাইন
ও অফলাইন উভয় মাধ্যমে টিকিট সংগ্রহ ও প্রবেশসেবা চালু হবে। নিয়মিত একবার প্রবেশের পাসের
মূল্য ২০০ টাকা এবং একই দিনে একাধিকবার প্রবেশের পাসের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা
হয়েছে। নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা ও কার্যক্রমের জন্য পৃথক টিকিটের প্রয়োজন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন– স্পেলবাউন্ড নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও
মোহাম্মদ সাদেকুল আরেফীন এবং টিকিফাইয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) আব্দুল্লাহ আল
মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।