নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দিল বাংলাদেশ

অতিথি নিউজ ডেস্ক ।।

পেসার শরিফুল ইসলামের টাইট বোলিং প্রমান করে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়া যথার্থ ছিল। স্বাগতিক নিউজিল্যান্ডকে বেধে রাখতে পারলেন ৯ উইকেটে ১৩৪ রানে। জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ। সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট। তানজিম সাকিব এবং রিশাদ হাসান নেন ১টি করে উইকেট। টস হেরে ব্যাট করতে নামার পর প্রথমে মেহেদী হাসান, পরে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ২০ রানের মাথায় হারায় চতুর্থ উইকেট। এই দুই বোলারের সঙ্গে উইকেট নেয়ার উৎসবে মেতেছেন রিশাদ হাসানও। ৫০ রানেই ৫টি উইকেট হারিয়ে ফেলে কিউইরা। প্রথম ওভারের ৪র্থ বলে স্লোয়ার বলে বিভ্রান্ত হলেন টিম সেইফার্ট। হালকা নিচু হয়ে যাওয়া বলটি মিস করলেন তিনি। অফ স্ট্যাম্প ভেঙে দিলো মেহেদীর বল। ৩ বলে কোনো রান না করেই বোল্ড হয়ে গেলেন তিনি। পরের ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেন ক্যাচ দিলেন স্লিপে। শরিফুলের লেন্থ বলে খোঁচা দিতে গিয়ে ক্যাচ তুললেন প্রথম স্লিপে। সৌম্য সরকার সেই ক্যাচ ধরেন। পরের বলেই গ্লেন ফিলিপসের উইকেট তুলে নেন শরিফুল। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে ডিআরএস নিয়ে ফিলিপসকে সাজঘরে পাঠায় বাংলাদেশ। ৫ম ওভারে ড্যারিল মিচেল বোল্ড হয়ে গেলেন মেহেদী হাসানের বলে। ১৫ বলে ১৪ রান করে আউট হলেন আইপিএলে সাড়ে ১৪ কোটির ব্যাটার।শেষ দিকে কয়েকটি ক্যাচ মিস এবং মিস ফিল্ডিং হয়েছিলো। না হয় নিউজিল্যান্ডের রান হয়তো আরও কম হতে পারতো।