দুধ ও দুগ্ধজাত খাবার যখন সমস্যা
অতিথি স্বাস্থ্য ডেস্ক ।।
দুধ অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ মানুষের একটি প্রধান খাদ্য। তথাপিও ডাক্তার ও ডায়েটিশিয়ানদের কাছে আসা রোগীদের একটি বিশাল অংশের সাধারণ সমস্যা হলো দুধ খেয়ে হজম না হওয়া বা দুধ খেলে পেট খারাপ হয়। আর এই সমস্যা যে শুধু বড়দের ক্ষেত্রেই হয়, তা কিন্তু নয়। একদমই ছোটবেলা থেকে শিশুদেরও হয়ে থাকে, যার প্রধান কারণ হলো দুধের ল্যাকটোজ (দুধে উপস্থিত প্রধান সুগার) হজম করতে না পারা। দুর্ভাগ্যবশত আমাদের দেশে ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষ ভুগছে ল্যাকটোজ হজম করতে না পারার সমস্যায়, যাকে বলে ল্যাকটো ইনটলারেন্স বা ল্যাকটোজ অসহিষ্ণুতা।
খুব গুরুতর সমস্যা না হলেও সঠিক চিকিৎসার অভাবে ল্যাকটোজ ইনটলারেন্স থেকে হতে পারে অস্টিওপেনিয়া, অস্টিওপোরেসিসের মতো হাড়ক্ষয়সংক্রান্ত নানা অসুখ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যা বেশি মাত্রায় ভোগাবে আপনাকে।
ল্যাকটোজ অসহিষ্ণুতার কারণ :
ক্ষুদ্রান্ত্রে ল্যাকটোজ নামের পাচক রস বা ডাইজেস্টিভ এনজাইম পর্যাপ্ত পরিমাণে তৈরি না হলে ল্যাকটোজ অসহিষ্ণুতা দেখা দেয়। এই ল্যাকটোজ এনজাইমের কাজই হলো খাবারে থাকা ল্যাকটোজ ভেঙে দেওয়া, যাতে আপনার শরীর এটি শোষণ করতে পারে।
যাদের এই ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার পর নানা অপ্রীতিকর উপসর্গ দেখা দেয়, যদিও এই রোগের কোনো চিকিৎসা নেই। তবে খাদ্য ব্যবস্থাপনার পরিবর্তনের মাধ্যমে কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব।
তবে মনে রাখবেন, দুধে অ্যালার্জি হওয়া আর ল্যাকটোজ ইনটলারেন্স এক বিষয় নয়। আর এই ল্যাকটোজ ইনটলারেন্স সাধারণত তিন ধরনের হয়ে থাকে।
প্রথম ধরন হলো যারা সারা জীবন দুধ খেতেই পারে না। দ্বিতীয় ধরন হলো যাদের দুধ খেলেই ডায়রিয়া হয়, কিন্তু দই খেলে সমস্যা হয় না। আরেক ধরনের মধ্যে পড়ে কিছু মানুষ, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স জিনগত।
সূত্র : স্বাস্থ্য বুলেটিন