আজ পর্দা উঠছে অমর একুশে বইমেলা-২০২৪ এর

ঢাকা ।।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে বইমেলা-২০২৪’ -এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছর ঘুরে আবারও ফিরে এলো এলো প্রাণের মাস, ভাষার মাস- ফেব্রুয়ারি।  মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিকে স্মরণে রেখেই প্রতিবছর ফেব্রুয়ারী মাসের প্রথম দিন থেকেই পর্দা উঠছে একুশে বইমেলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। একইসাথে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের পুরস্কারও বিতরণ করবেন তিনি। পাশাপাশি বাংলা একাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খণ্ড’ সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ। ’ বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে আয়োজিত মেলায় থাকছে মোট ৯৩৭টি স্টল। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, মেলার নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি বইমেলা মাঠের ভেতরে ও বাইরে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করবে এবং মেলার আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার স্থাপন করা হবে। মেলার মাঠ ও এর আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবীবুর রহমান।