শীঘ্রই বৃষ্টি নামার সম্ভাবনা
ঢাকা ।।
শীতের প্রবাহ কাটিয়ে কয়েকদিন ধরে ঝলমলে রৌদ্র উঠলেও এই সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই সময়ের মধ্যে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলছে দপ্তর।
আজ (রোববার, ৪ ফেব্রুয়ারী) অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ৬ ও ৭ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।