পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চান মিয়াত

অতিথি আন্তর্জাতিক ডেস্ক ।।

স্বাধীনতার দাবীতে বিদ্রোহী আরাকান আর্মি লড়াই করছে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে। কয়েক সপ্তাহ ধরে জান্তা সরকারের বিরুদ্ধে আক্রমন তীব্র করেছে বিদ্রোহীরা। চলতি সপ্তাহে বিবিসি বার্মিজকে এক সাক্ষাৎকার দেন আরাকান আর্মির সর্বাধিনায়ক জেনারেল তুন মিয়াত নাইং। জেনারেল তুন জানান, সাবেক আরাকান (বর্তমান রাখাইন) রাজ্যের স্বাধীনতা ঘোষণা করা তাদের লক্ষ্য ছিল না এবং এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ১ ফেব্রুয়ারি  তিনি ওই সাক্ষাৎকার দেন। তবে এসময় তিনি তাঁদের এযাবৎ লড়াইয়ের পুরো অর্জন প্রকাশ করেননি। আরাকান আর্মির সর্বাধিনায়ক জেনারেল তুন মিয়াত নাইং বলেন, আরাকান আর্মির লক্ষ্য পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া। মুক্তির জন্য মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াই করার এখনই শ্রেষ্ঠ সময়। আরাকান আর্মি তাদের পরিকল্পনা অনুযায়ী লড়াই অব্যাহত রাখবে। মিয়ানমারের জনগণ এখন সংকল্পবদ্ধ ও অতীতের চেয়ে বেশি সংঘটিত। তারা বলছে, তাদের বাড়িঘর, গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ধ্বংস করা হচ্ছে। তাই জান্তার কাছ থেকে মুক্তির জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। আশ্বস্ত করে তিনি বলেন, তাঁদের স্বপ্ন ক্রমেই বাস্তবে রূপ নিচ্ছে এবং তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছাচ্ছেন। সূত্র : বিবিসি