মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ঢাকা ।।

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে সীমান্ত থেকে আসা মর্টার শেলের আঘাতে মৃত্যুর ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই প্রতিবাদ জানানো হয়। গতকাল সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন। এ ঘটনার প্রতিবাদ জানাতে আজ মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়। আজ সকাল ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের কর্মকর্তারা তাকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছেন। মৃত্যুর ঘটনার প্রতিবাদ ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগের কথাও জানানো হয়। উল্লেখ্য, আরাকান আর্মির হামলার মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নেন। বিজিবি তাঁদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে।