বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি আরবের আইটিএফসি
ঢাকা ।।
সৌদি আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে বাংলাদেশকে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে। ২ দশমিক ১ বিলিয়ন ডলারের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।
আজ (বুধবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে চুক্তিতে সই করেন এর সিইও এম নাজিম নুরদালি এবং বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।
বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা অনেক দিন ধরেই আইডিবি জেদ্দা থেকে সহযোগিতা নিচ্ছি। এতদিন তাদের সহায়তা শুধু তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এখন তেলের পাশাপাশি গ্যাস ক্রয়েও সহযোগিতা করবে। প্রায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস ক্রয় করা যাবে।
এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হবে।
এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদসহ জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।