অভিনেতা আহমেদ রুবেল আর নেই
ঢাকা ।।
নিজের অভিনীত সিনেমার উদ্বোধনী প্রদর্শনী দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আহমেদ রুবেল। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্সে ‘পেয়ারার সুবাস’ সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা। তার আগেই জানা যায় তিনি চলে গেছেন না-ফেরার দেশে।
ছবিটি পরিচালনা করেন নুরুল আলম আতিক। যা আট বছর পর মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৯ ফেব্রুয়ারি। জয়া আহসানের পাশাপাশি এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।
পেয়ারার সুবাস চরচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেন, ‘আজ আমাদের সিনেমার পূর্বনির্ধারিত প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা। সেই অনুযায়ী উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিক ও আহমেদ রুবেল ভাই গাড়িতে করে বসুন্ধরা আসছিলেন। গাড়িটির চালকের আসনে ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর বসুন্ধরা সিটির পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল।
আতিক ভাই পার্কিং থেকে আমাকে ফোন করে দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।’ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান শ্যামল। প্রাথমিকভাবে ধারণা করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে।