শিকার ধরতে পটু যে বিরল বাজ পাখি
অতিথি নিউজ ডেস্ক :
বাজ মানেই শিকারী পাখি । তবে স্বাভাবিক ধরনের শিকারি নয়।
এরা বিশেষ প্রজাতির এক ধরনের তীক্ষ্ম শিকারি পাখি। উড়ন্ত শিকার সহজে ধরতে পটু এরা। তার দৃষ্টিসীমানায় ভুলক্রমে কোনো শিকার চলে এলেই আর রক্ষে নেই। তীব্র বেগে ছুটে গিয়ে তাকে দারুণ শক্তিশালী নখ দিয়ে জপটে ধরবে বাজ পাখিটি। বেচারার আর নিস্তার নাই। নখাঘাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে সে।
দারুণ শিকারি এ পাখির বাংলা নাম ‘তুরমতি বাজ’। ইংরেজি নাম Red necked Falcon এবং বৈজ্ঞানিক নাম Falco chicquera। এটি বিরল প্রজাতির পাখি। প্রকৃতিতে খুব কমই দেখা মেলে এ জাতের পাখি। ‘বার্ড ফটোগ্রাফি’ বা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে এমন বিরল কিছু পেলে গেলে আলোকচিত্রীদের আনন্দের কোনো সীমা থাকে না!
তুরমতি বাজের অপূর্ব দৃষ্টিনন্দন আলোকচিত্রগুলো ধারণ করেছেন বন্যপ্রাণী আলোকচিত্রী শামীম আলী চৌধুরী। এ পাখির ছবিধারণ প্রসঙ্গে তিনি বলেন, গতবছর ২০২৩ সালে ২৫ ডিসেম্বর তারিখে একটি পরিযায়ী পাখির উদ্দেশ্যে রাজশাহী যাই। ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় পাখিটির দেখা পাইনি।
ছবিধারণের অভিজ্ঞতায় তিনি বলেন, এমন সময় ক্যামেরার ভিউ ফাইন্ডারে লাল মাথা একটি পাখি কচুরিপানার মাঝে দেখা পেলাম। কোনো কিছু বোঝার আগেই পাখিটি উড়াল দেয়। তখন বুঝতে পারলাম এটা ‘বাজ’ জাতীয় পাখি। ততক্ষণে পাখিটির বেশ কিছু উড়ন্ত ছবি ক্যামেরায় বন্দি করি।
পাখিটির নাম প্রসঙ্গে তিনি বলেন, এদের ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত লম্বায় ৩১-৩৬ সেন্টিমিটার। প্রাপ্তবয়স্ক পাখির ঘাড় ও মাথা পোড়ামাটির মতো লাল। চোখ বাদামি। চোখের চারদিক, পা ও আঙুল হলুদ। নখ কালো। ঠোঁট হলুদ ও আগা কালো। স্ত্রী ডিমে ৩২-৩৫ দিন তা দিয়ে বাচ্চা ফোটায়। বাবা শিকার করে আনে ও মা সেই শিকার ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের খাওয়ায়। বাচ্চারা প্রায় ৪৮ দিনে স্বাবলম্বী হয় ও নীল আকাশে ডানা মেলে।
শিকারি পাখি বড় বড় গাছ, বড় বড় স্থাপনা বা বৈদ্যুতিক বড় খুঁটির ওপর বসে চারদিকে খেয়াল করে। গাছের উঁচু ডাল কিংবা বৈদ্যুতিক তারে বসে শিকার খুঁজতে থাকে। সাধারণত ওরা আকাশে উড়ন্ত অবস্থায়ই শিকার ধরে। মূলত চড়ুই, খঞ্জনসহ অন্যান্য ছোট ছোট পাখি ধরে খায়। এ ছাড়া বাদুড়, চামচিকা, ইঁদুর প্রভৃতি প্রাণীও ওদের খাদ্য তালিকায় রয়েছে। ওদের কর্মচঞ্চলতা খুব বেশি থাকে ভোরে ও সন্ধ্যার ঠিক আগে।