প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমল ১০টাকা

ঢাকা ।।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিনের দাম থাকবে ১৪৯ টাকা। আগামী ১ মার্চ থেকে এই হ্রাসকৃত মূল্য কার্যকর হবে।  আজ (২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৈঠকে নিত্যপণ্য উৎপাদন ও বিপণনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা, টি কে গ্রুপ, এস আলম গ্রুপের মনোনীত প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে আহসানুল ইসলাম টিটু জানান, ডলারের দর, পরিবহন খরচ এবং আনুষঙ্গিক খরচে ব্যয় বৃদ্ধি অপরিবর্তিত থাকলেও ভোজ্য তেলের শুল্ক কমানোর প্রভাব এবং সরকারের অনুরোধে রমজান উপলক্ষে প্রতি লিটার সয়াবিনের দাম ১০ টাকা করে কমাতে রাজি হয়েছে উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। ফলে প্রতি লিটার সয়াবিন বর্তমান দাম ১৭৩ টাকা হলেও সেটি আগামী ১ মার্চ থেকে বিক্রি হবে ১৬৩ টাকায়। একইভাবে খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ টাকা। তবে এই দাম কত দিন বহাল থাকবে সেটি নির্ভর করবে দেশীয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনার ফলাফলের ওপর। সাধারণত প্রতি মাসে এর দাম নির্ধারণের রেওয়াজ আছে। চিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু কৃষিপণ্যের মূল্য পর্যালোচনা করা হয়েছে। চিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।