ব্রোকলি চাষে সফল হয়েছেন মোঃ লোকমান

অতিথি নিউজ ডেস্ক :

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে গ্রামে ব্রোকলি চাষে সফল হয়েছেন মো. লোকমান হোসেন। দীর্ঘ দিন ধরে তিনি এ সবজি আবাদ করে আসছেন। সবজি টির রঙ সবুজ হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক। শিক্ষকতার পাশাপাশি সারাবছরই বিভিন্ন সবজি চাষ করেন।  লোকমান হোসেন মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে নিয়োজিত। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মো. শামসুদ্দীনের ছেলে। লোকমান এলাকার অন্যদের জন্য অনুপ্রেরণা। তার দেখাদেখি অনেকে কৃষিতে মনোনিবেশ করেছেন। জানা গেছে, শিক্ষকতার পাশাপাশি প্রায় ৩০ বছরে ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত লোকমান হোসেন। বিভিন্ন মৌসুমে ধান চাষসহ সারাবছর সব ধরনের সবজি চাষ করেন। মৌসুমে ৬-১২ জন শ্রমিক তার জমিতে কাজ করেন। এছাড়া সারাবছর ২ জন শ্রমিক নিয়োজিত আছেন। উৎপাদিত পণ্য স্থানীয় বাজার, চট্টগ্রাম শহরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। শিক্ষক লোকমান হোসেন বলেন, ‘আমি এবার ২৪ শতক জমিতে চাষ করেছি। প্রতি পিস ব্রোকলি ৫০০ গ্রাম থেকে ১ কেজি হলে বিক্রির উপযোগী হয়। এর আগে আবাদ করেছিলাম আরেকটি জাত, সেটি ৪ কেজি পর্যন্ত হয়েছে। ২৪ শতক জমিতে প্রায় ৩০-৩২ হাজার টাকা খরচ হয়েছে। ফলনও ভালো হয়েছে। ২ লাখ টাকার বিক্রির আশা করছি। প্রতি পিস ব্রোকলি ২৫-৩৫ টাকা পর্যন্ত বিক্রি হয়।’ মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘লোকমান হোসেন অনেক বছর ধরে এ সবজি চাষ করছেন। এবার আরও কয়েকজনকে প্রদর্শনী দিয়েছি। ব্রোকলিতে অনেক পুষ্টিগুণ আছে। ব্রোকলি সিদ্ধ করেও খাওয়া যায়। খাদ্যাভ্যাসে পরিবর্তন দরকার। ধীরে ধীরে এ সবজির চাষ বাড়বে।’