বিপিএলের দশম আসরের শিরোপা বরিশালের

ঢাকা ।।

বিপিএলের সবচেয়ে বেশি চার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদেরই পরাজিত করে দশম আসরের ফাইনালে প্রথমবার ট্রফি জিতে নিল ফরচুন বরিশাল।তার মানে হলো বরিশাল যেমন প্রথমবার বিপিএল শিরোপা জেতার স্বাদ পেল, কুমিল্লা তেমনি প্রথমবার ফাইনাল হারল। শুক্রবার (১ মার্চ) মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই যেন ভাগ্য সঙ্গী ছিল বরিশালের। প্রথমে টস জয়, তারপর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৫৪ রানে আটকে দেয়। কুমিল্লার দেওয়া ১৫৫ রানের টার্গেটে ৬ উইকেট এবং ৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় বরিশাল। বরিশালের পক্ষে কাইল মায়ার্স সর্বোচ্চ ৪৬ রান করেন। রান তাড়ায় বরিশালের জন্য যেটা দরকার ছিল, ভালো একটা শুরু। যা তারা পেয়ে যান তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের দুরন্ত ব্যাটিংয়ে। অষ্টম ওভারের শেষ বলে তামিম ইকবাল যখন ফিরছেন, বরিশালের রান তখন ৭৬। তামিমের রান ২৬ বলে ৩৯। তাঁর ইনিংসে সমান তিনটি করে চার ও ছক্কা মার রয়েছে। তামিমের আউটের পর বেশিক্ষণ টেকেননি মেহেদী হাসান মিরাজ। তিনি আউট হয়েছেন ২৬ বলে দুই ছক্কা ও এক চারে ২৯ রান করে। তবে মুশফিকুর রহিমকে নিয়ে বরিশালকে পথ হারাতে দেননি কাইল মায়ার্স। দুজনের ৫৯ রানের জুটি। ৪৬ রানে কাইল মায়ার্সকে মুস্তাফিজুর রহমান ফেরালে এই জুটি ভাঙে। মায়ার্সের পর দ্রুতই আউট হন মুশফিক। ৬ উইকেটে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সেরেছেন মাহমুদউল্লাহ ও ডেভিড মিলার। মোহাম্মদ সাইফউদ্দিনের কৃতিত্বে কুমিল্লার সংগ্রহটা তেমন বড় হয়নি। শেষ ওভারে একের পর এক ইয়র্কারের রাসেলকে যেন একজায়গায় আটকে রাখেন তিনি। ফাইনালের খুঁটিনাটি : চ্যাম্পিয়ন : বরিশাল রানার্সআপ : কুমিল্লা ম্যান অব দ্যা ফাইনাল : কাইল মায়ার্স ম্যান অব দ্যা টুর্নামেন্ট : তামিম ইকবাল সেরা ফিল্ডার : নাঈম শেখ