রমজান মাস সামনে রেখে প্রশাসনের বাজার মনিটরিং
অতিথি নিউজ ডেস্ক :
চট্টগ্রাম জেলা প্রশাসন রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং শুরু করেছে। এসময় বাজারে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকাসহ নানা অসংগতি পায় অভিযান পরিচালনাকারী দল।
শনিবার (২ মার্চ) বিকেলে নগরের রিয়াজুদ্দিন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাজারে পিঁয়াজ ও আলুসহ সবজির বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। খেজুর এবং ফলের দাম একটু বাড়তি রয়েছে। যদি কেউ বেশি মজুত করে অথবা যেকোনো অসাধু উপায়ে দাম বাড়াতে চান, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পবিত্র রমজানে কোন প্রকার কারসাজি যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ অসাধু উপায়ে মুনাফা লাভ করতে পারবে না। বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।