একসাথে তিন সবজি চাষে সাড়া ফেলেছেন রাহেদুল

অতিথি নিউজ ডেস্ক :

আসন্ন রমজানের বাজার ধরতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকায় এক জমিতে করলা,শসা ও চাল কুমড়ার আবাদ করেছেন রাহেদুল ইসলাম নামের এক চাষি। একসঙ্গে তিনটি ফসল আবাদ করে বেশ সাড়া ফেলেছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলনও ভালো হয়েছে। সেই সঙ্গে আর্থিক লাভবান হওয়ারও স্বপ্ন দেখছেন তিনি । তার এই সাফল্য দেখে অনেকেই এখন একইভাবে একসঙ্গে তিন সবজির আবাদে ঝুঁকছেন। চাষি রাহেদুল ইসলাম জানান, জমি প্রস্তুত থেকে শুরু করে সবজি বাজারে নেওয়ার পর্যন্ত প্রতি শতাংশের হিসাব অনুসারে ৯ বিঘা জমিতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হবে। রমজান মাসে যদি বাজার ভালো থাকে তবে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার সবজি বিক্রি করতে পারবেন এমনটাই আশাবাদী তিনি । তিনি আরও বলেন , আমি আমাদের এই অঞ্চলের পাইকারি বাজারে কোনো সবজি বিক্রি করি না। সবজি পরিবহনের জন্য নিজস্ব গাড়ি আছে আমার। সরাসরি ঢাকাসহ দেশের বড় বড় চারটি পাইকারি আড়তে সবজি সরবরাহ করে থাকি। নিজে থেকে সবজি বিক্রি করার কারণে অন্য চাষিদের চেয়ে আমার লাভ অনেকাংশেই বেশি হয় ।  কামতা এলাকার মোশারফ,আওয়াল ও রহিম নামের আরো অনেক চাষি বলেন , রাহেদুল ভাইয়ের এই মিশ্র পদ্ধতি অবলম্বন করে অনেকেই এখন সবজির আবাদ করছেন। এই পদ্ধতি অবলম্বন করলে চাষাবাদে খরচ অনেকাংশেই কম হয়। কীটনাশক,সার বা অন্য যে কোন কিছু একবার প্রয়োগ করতে হয়, এই পদ্ধতিতে আবার ফলনও আশানুরূপ হচ্ছে। সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষমুক্ত সবজি আবাদে খ্যাতি অর্জন করেছে এই অঞ্চল। এ অঞ্চলের সবজির চাহিদা রয়েছে দেশজুড়ে। যার কারণে এখানকার চাষিরা সবজি চাষে ঝুঁকছেন। এক জমিতে তিনটি সবজির আবাদ অনেক আগে থেকেই চাষ হয়ে আসছে।