পর্যটক কমে যাওয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা

অতিথি নিউজ ।।

কক্সবাজারের উখিয়া থেকে সেন্টমার্টিনে চলাচলকারী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রমজান মাসকে সামনে রেখে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় এই উদ্যোগ বলে জানা গেছে। আজ (১১ মার্চ, সোমবার) উখিয়ার ইনানীর নৌ-বাহিনীর জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল করবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, জাহাজ মালিক কর্তৃপক্ষ ব্যবসায়িক কারণে লোকসান এড়াতে এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। এর আগে মিয়ানমারে সংঘাতের কারণে নিরাপত্তা বিবেচনায় গত ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটেও পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর নৌবাহিনী জেটি থেকে এমভি বারো আউলিয়া ও কর্ণফুলী নামের দুটি জাহাজ চলাচল করে আসছিল। জাহাজ কর্তৃপক্ষ জানায়, পর্যটক চাহিদার কারণে এক মাস ইনানী-সেন্টমার্টিন রুটে দুটি জাহাজ চলাচল করেছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। এ কারণে সোমবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সবশেষ জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে।