পোশাক শ্রমিকদের ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পরিশোধ করা হবে
অতিথি নিউজ ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ১৭তম সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।
আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক নেতারা এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি যে, আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। যেগুলো সমাধান হয়নি, সেগুলো সমাধানের বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আশা করি আলোচনা ফলপ্রসূ হয়েছে।
বেতন, ঈদ বোনাস কবে পরিশোধ করা হবে- জানতে চাইলে তিনি বলেন, করবে। ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হবে। কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবে, কখন দিতে পারবে না, সেটা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।
শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের কড়া নির্দেশনা।
পোশাক কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বেতন ও বোনাস পরিশোধের সিদ্ধান্তে একমত হয়েছেন বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।