নিউ ইয়র্কে টাইমস স্কয়ারের প্রদর্শনীতে বাংলাদেশি নারীরা

নিউ ইয়র্ক প্রতিনিধি :

যুক্তরাষ্ট্রে টাইমস স্কয়ারে ‘শাড়ি গোওজ গ্লোবাল’ শিরোনামে শাড়ি প্রদর্শনীতে অংশগ্রহন করেছেন প্রবাসী বাঙালী নারীরা। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ব্রিটিশ উইমেন ইন শাড়িজ’-এর আয়োজনে শনিবার এ অনুষ্ঠানে প্রায় ৫০০ নারী উপস্থিত হয়েছিলেন। বিশ্বব্যাপী শাড়ির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নারীর ক্ষমতায়ন এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেন বাঙালী নারীরা। চিকিৎসক রিতা কাকটি-শাহ পরিচালিত নিউ ইয়র্কের সংগঠন ‘উমা’-সহ ভারত, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, ত্রিনিদাদ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এ আয়োজনে অংশ নেয়। নাজনীন হোসেইন ও সুবর্ণা খানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল এবং যুক্তরাজ্য থেকে আসা শতাধিক নারীর সমন্বয়ে বাংলাদেশ দল লাল-সুবজের সাজে, দেশীয় শাড়ি পরে নেচে গেয়ে বাংলাদেশকে তুলে ধরেন। বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্ল্যাকার্ডের মাধ্যমে ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা ও মনিপুরী তাঁতের পরিচিতি তুলে ধরেন। এছাড়া ‘চলো বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে দলটি।