ঢাকার ভিতরে লক্কড়-ঝক্কড় বাস এক অস্বস্তির কারণ : সেতুমন্ত্রী
অতিথি নিউজ ডেস্ক :
রাজধানীর প্রায় সব এলাকায় লক্কড়-ঝক্কড় ও রংচটা বাস চলে তা পৃথিবীর আর কোথাও দেখা মিলে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৫ মে) বনানীতে বিআরটিএ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবাইদুল কাদের আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহন চলাচল করে আর আমাদের ঢাকায় লক্কড়-ঝক্কড় ও রংচটা গাড়ি চলে। এগুলো দেখতে অনেক খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতেও উন্নতমানের গণপরিবহন চলাচল করে।
বিআরটিএর উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, কেন এই লক্কড়-ঝক্কড় বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাছাড়াও ডাম্পিং করতে গেলে দেখা যায় ওইসব ধরনের গাড়ি আর রাস্তা বের হবে না এতে করে জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।
কাদের বলেন, সড়কে শৃঙ্খলা আনতে বিআরটিএ অনেক কর্মসূচি ও আইন করে। কিন্তু রেজাল্ট কী? সড়কের দুর্ঘটনা এবং যানজট তো কমছে না।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বন্ধ হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশেই বন্ধ হবে না। তবে দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। যানজট এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিছু যদি আমরা করতে না পারি তাহলে আমাদের নিরাপদ সড়কের স্বপ্ন দেখতে কী লাভ। প্রতিনিয়তই আমাদের কথা শুনতে হচ্ছে।
ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনা বেশি ঘটে জানিয়ে কাদের বলেন, সড়ক দুর্ঘটনা মানুষ হিসেবে আমাকে কষ্ট দেয়। একটা মন্ত্রণালয়ে এতদিন দায়িত্ব পালন করার পরও সড়ক দুর্ঘটনা কমছে না। অথচ নিয়ম তো এমন হওয়া উচিত ছিল, এই বছরের ঈদে যে যানজট এবং দুর্ঘটনা ঘটবে, আগামীতে তা আরও কমবে। কিন্তু সেখানে দুর্ঘটনা বাড়ছে। তাহলে আমরা কী কাজ করছি? আমাদের টিম ওয়ার্কের কী সফলতা আছে? এমন প্রশ্ন রাখেন তিনি।