হেডকে ভারতে রেখে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা
খেলা ডেস্ক
সিরিজটি হওয়ার কথা ছিল অনেক আগে। কিন্তু মহামারি করোনার কারণে সেটা পিছিয়ে আয়োজন করা হচ্ছে এখন। আইসিসির বাধ্যবাধকতা থাকায় না খেলেও উপায় নেই। তাই বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মধ্যে আবারও মাঠে নেমে পড়তে হয়েছে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়াকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য বিশ্বকাপ দলে থাকা মাত্র তিনজনকে এই টি-টোয়েন্টি সিরিজে রেখেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিশ্বকাপজয়ী দলের আটজনকে রেখেছিল। তাঁদের মধ্যে ডেভিড ওয়ার্নার সিরিজ শুরুর আগেই সরে দাঁড়ান। বাকি সাতজন ভারতে রয়ে গেলেও এবার তাঁদের মধ্যে ছয়জনই সিরিজের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে সিএ।