রাজশাহীর বাজারে নামল জাত আম খ্যাত ‘গোপালভোগ’
অতিথি নিউজ ডেস্ক :
রাজশাহী: বসন্তকালের শেষ মাস চৈত্র মাসকেই অভিধানে বলা হয় মধুমাস। আবার গ্রীষ্মের শেষ মাস জ্যৈষ্ঠ। এ সময় ফল পেকে রসে টইটম্বুর হয়। লোকমুখে কিংবা কিছু বলতে বা লিখতে গেলে, আমরা প্রায়ই বলি– ‘মিষ্টি ফলের রসে ভরা মধুমাস জ্যৈষ্ঠ’–এভাবেই জ্যৈষ্ঠ মাসের সাথে মধুমাস শব্দটি জুড়ে গেছে। এখন জ্যৈষ্ঠই যেন আসল মধুমাস।
এই মধুমাসে জ্যৈষ্ঠের খরতাপে আবারও পুড়ছে রাজশাহী। তবে এই প্রখরতার মধ্যেই শুরু হয়েছে ফল উৎসব।কিন্তু আম ছাড়া তো ফল উৎসব জমজমাট হয়ে ওঠে না। । তবে তীব্র তাপপ্রবাহের কারণে এবার আমের রাজধানী রাজশাহীতে ফলন কম হয়েছে। তাই বেড়েছে দাম।
রাজশাহী জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় মেনে আজ সকাল থেকেই গোপালভোগ আম নামানো শুরু হয়েছে। তবে শনিবার (২৫ মে) বাজারে তেমনভাবে আমের দেখা মেলেনি। হাতে গোনা কিছু আড়ত ও খুচরা দোকানেই গোপালভোগ আম দেখা গেছে। আর ফলন কম হওয়ায় এবার দামও বেশি।
প্রতিবছর প্রথম দিকে এক হাজার দুইশ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার পাঁচশ টাকা মণ ধরে গোপালভোগ আম বাজারে উঠতে শুরু করে। এই দাম বাড়তে বাড়তে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গিয়ে ঠেকে।