ভোর থেকেই রাজধানীতে রিমালের প্রভাব
অতিথি নিউজ ডেস্ক :
ঢাকা: রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকেই দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। রিমালের প্রভাবে সারা দেশেই কমবেশি বৃষ্টি হবে। ঢাকাতেও আজ রাতে বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, এত বেশি থাকবে না।
জানা যায়, প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ব্যাপক বৃষ্টি ঝরিয়ে পরবর্তীতে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সোমবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।