কোটি কোটি মানুষের প্রিয়মুখ প্রিন্সেস ডায়ানার আজ জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক :

ইংল্যান্ডের বৃটেনে রাজপরিবারে ১৯৬১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন প্রিন্সেস ডায়ানা। বেঁচে থাকলে এখন তার বয়স হতো ৬৩ বছর। রাজপরিবারের রানি হতে চাননি তিনি, চেয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ের রানি হতে। সেটাই হয়েছে। আজও প্রিয়মুখ হয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে রেখেছেন প্রিন্সেস ডায়ানা। এখনো এই নামটি শুনলে হাস্যোজ্জ্বল এক প্রিয়দর্শিনীর মুখ ভেসে ওঠে।  আজ বেঁচে থাকলে হয়তো ঘটা করে পরিবার নিয়ে জন্মদিনও পালন করতেন। কিন্তু সবকিছুই এখন শুধুই স্মৃতি। মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেলেও ডায়ানাকে নিয়ে এখনো মানুষের আগ্রহের শেষ নেই। প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানা দম্পতির প্রথম সন্তান প্রিন্স উইলিয়ামের জন্ম ১৯৮২ সালে। পরে ১৯৮৪ সালে জন্ম হয় প্রিন্স হ্যারির। ১৯৯৭ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডায়ানা নিহত হন। সে সময় তার সঙ্গে ছিলেন মিসরের ধনকুবের দোদি আল ফায়েদ। তিনিও প্রাণ হারান। তবে প্রিন্স চার্লস এবং ডায়ানার দাম্পত্য জীবন খুব একটা সুখকর ছিল না। কোটি কোটি মানুষের ভালোবাসা পেলেও চার্লসের ভালোবাসা পাননি ডায়ানা। ১৯৯৬ সালে বিবাহ-বিচ্ছেদ হয় ডায়ানা ও চার্লসের। পরের বছর দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। প্রাক্তন স্ত্রীর মৃত্যুর পর অবশ্য প্রাক্তন প্রেমিকা ক্যামিলার কাছেই ফিরে যান প্রিন্স চার্লস। প্রায় নয়বছর পর ক্যামিলা পার্কারকে বিয়ে করেন প্রিন্স অব ওয়েলস। প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত উক্তি- আমি যাকে ভালোবাসি, সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবসেছিল। সত্যিই পুরো বিশ্ব এখনো ডায়ানাকে ভালোবাসে। তার ফ্যাশন সেন্স ছিল অনবদ্য। আর তার মানবকল্যাণমূলক কাজের জন্য এখনো তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিশ্বের কোটি কোটি মানুষ।