সমাবেশ চলাকালীন সময়ে হামলা, গুলিবিদ্ধ ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ চলাকালীন সময়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন ।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারের সময় এ ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ডোনাল ট্রাম্প। তবে গুরুতর আহত হননি তিনি।
সন্দেহজনিত হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন জানা যায় । এছাড়া সে সময় ট্রাম্পের একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার।
হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ট্রাম্প ঐ সময় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় আশেপাশে থাকা সব সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।
এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল।