গুলশান আজাদ মসজিদে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের জানাজা
বিনোদন ডেস্ক :
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মরদেহের কফিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করার জন্য শাফিনের বড় ভাই ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত থাকেন । পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানে তার নিজ বাসায়।
মঙ্গলবার (৩০ জুলাই) দাফন করা হবে শাফিন আহমেদকে। বনানী কবরস্থানে শাফিনকে দাফন করা হবে বাবা কমল দাশগুপ্তর কবরে। পাশেই তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে।
জানা গেছে, রোববার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শাফিনের মরদেহবাহী কফিন নিয়ে দেশে রওনা হন তাঁর স্ত্রী রুমানা দৌলা।
হামিন আহমেদ জানান, শাফিনের মরদেহ রাতে গুলশানে পরিবারের কাছে থাকবে। মঙ্গলবার দুপুর ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হবে কিছু সময়ের জন্য। এরপর বনানী কবরস্থানে শাফিনকে দাফন করা হবে বাবা কমল দাশগুপ্তর কবরে।
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।
শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা...এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।