বন্যা পরিস্থিতি মোকাবিলায় নদ-নদী খনন আহ্বান  : জাতীয় কমিটি

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকা: দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নদ-নদী খননের আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এছাড়াও এর আগে নদী খননের নামে গত ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটের তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নাগরিক সংগঠনটি। রোববার (২৫ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারের কাছে এ দাবি জানান।  বিবৃতিতে বলা হয়ছে, বাংলাদেশ ভাটি অঞ্চল দেশ। এখানে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবেই উজানের পানি আসবে। আবার বড় বড় নদীসহ দেশের সিংহভাগ নদী দখল-দূষণ, অবহেলা আর তীব্র নাব্যসংকটে বিপন্নপ্রায়। আন্তঃসীমান্ত নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে ফারাক্কা বাঁধ ও তিস্তা ব্যারাজের মতো সমস্যাও রয়েছেই। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে মাঝে মধ্যে অতিবর্ষণ ও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস আঘাত হানছে। এ পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় নদীগুলোর পানি ধারণক্ষমতা বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে। বিবৃতিদাতারা বলেন, সব নদ-নদী খনন করে গভীরতা বাড়াতে হবে, যাতে দেশের সব নদ-নদীর পানি ধারণক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বাংলাদেশ-ভারতের ওপর দিয়ে প্রবাহিত ৫৪টি আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান জাতীয় কমিটির নেতারা।