আরও ১১ ইসরায়েলি ও ৩৩ ফিলিস্তিনি মুক্ত

এএফপি : গাজা

গতকাল রাতে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করে, গাজা থেকে মুক্তি পাওয়া ১১ জিম্মি ইসরায়েলি ভূখণ্ডে রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মুক্তি পাওয়া ব্যক্তিরা স্বদেশে ফিরলে তাঁদের স্যালুট জানানো হয়। আলিঙ্গন করা হয়। তাঁরা যতক্ষণ না পর্যন্ত পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, ততক্ষণ তাঁদের সঙ্গে থাকবে ইসরায়েলি বাহিনী। কাতারের তথ্য অনুযায়ী, মুক্ত হওয়া ইসরায়েলিরা ফ্রান্স, জার্মানি ও আর্জেন্টিনার দ্বৈত নাগরিক। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, হামাসের এ হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে হামাস। জবাবে ৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাচ্ছিল। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই বেসামরিক লোকজন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে।