আশুলিয়ায় ফের ৭৯টি কারখানা বন্ধ
অতিথি নিউজ ডেস্ক :
সাভারের আশুলিয়ায় আবার অস্থিরতার মুখে কমপক্ষে ৭৯টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা করেছে। তবে জানা যায় আশেপাশে অন্যান্য কারখানায় উৎপাদন অব্যাহত আছে । পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ দিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সব পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে বেড়ে যায় অস্থিরতা।
এসব কারখানার মধ্যে প্রায় ৩০টি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে এসব কারখানা ছুটি ঘোষণা করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ৭৯টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পোশাক শ্রমিকরা জানান, গতকাল সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বভাবিক ছিল। দুপুর থেকে বেশ কিছু কারখানায় বিভিন্ন দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকরা। একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে শ্রমিকরা কারখানায় গেলে বেশির ভাগ কারখানায় বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে যায় শ্রমিকরা।