রাঙামাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিস্থিতি শান্ত
অতিথি নিউজ ডেস্ক :
রাঙামাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত শুক্রবার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের পর পরই রাত থেকেই সেনা, বিজিবি এবং পুলিশের সদস্যরা সম্মিলিতভাবে টহল দিচ্ছেন। পরের দিন সকাল থেকে রাঙামাটি শহরের পরিস্থিতি একেবারেই শান্ত।
মূল সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক ভাবে বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলছে। এর আগে খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও। এতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
গত বুধবার খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়ীরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৫০/৬০টি দোকান। নিহত হয় তিনজন।