২৬ বছর বয়সি নারী ২৪ ঘণ্টায় ১১১ জনকে সাজিয়ে রেকর্ড গড়লেন
ফিচার ডেস্ক :
মেকআপ সম্পর্কে যারা কম বেশি ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানবেন একজন মডেলকে সাজতে কতটুকু সময় দিতে হয় । নিজেকে যখন কোনো অনুষ্ঠানের জন্য তৈরি হতে পার্লারে বা মেকআপ আর্টিস্টের কাছে যান ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়।
তবে সাম্প্রতি সময়ে সিয়েরা লিওনের একজন মেকআপ আর্টিস্ট মেরি ইয়ংগাই ২৪ ঘণ্টায় ১১১ জন মানুষকে সাজিয়ে রেকর্ড করেছেন। ২৬ বছর বয়সি এই নারী ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মডেলকে সাজিয়েছেন। তবে এই সাজানো বলতে যেমন তেমন পুরো মেকওভার করেছেন তিনি।
এই রেকর্ডের নিয়ম অনুযায়ী, প্রতিটি মেকওভারের জন্য কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশ বা ব্রোঞ্জার, অন্তত দুই রঙের আই শ্যাডো, আই লাইনার, মাশকারা, লিপস্টিক বা লিপ গ্লস, লিপ লাইনার, কন্টর, লুজ পাউডার ব্যবহার করতে হয়েছে।
রেকর্ডের আয়োজন করা হয়েছিল দেশটির রাজধানী ফ্রিটাউনে। সেখানে অনেক সিয়েরা লিওনিয়ান সেলিব্রিটি এবং মন্ত্রী সহ অসংখ্য সাধারণ মানুষ জড়ো হয়েছিল। ২৪ ঘণ্টায় মাত্র মিনিটের বিরতি নিয়েছিলেন মেরি। এই সময়ের মধ্যে তিনি কিছুই খাননি। কোনো সময়ে বাথরুম ব্যবহার করেননি। শুধু কোমল পানীয় পান করেছেন কয়েকবার।
মেরির লক্ষ্য ছিল তিনি ১০০ অতিক্রম করবেন। এর আগে ২০০৫ সালে ৯৬টি মেকওভার করে এই রেকর্ড অর্জন করেছিলেন ইন্দোনেশিয়ার মার্থা টিলার। মেরি তার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি করেছেন।