ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনের কেক কাটলেন শাকিব খান
বিনোদন প্রতিবেদক :
ঢালীউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গত ২৭ সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোঁজা ঢাকায় এসে ছেলে জয়ের জন্মদিন উদযাপন করলেন শাকিব খান। এরপর শনিবার রাতেই দেখা মিললো সেই দৃশ্য। সেখানে দেখা গেল ছেলে জয়ের হাতে হাত রেখে কেক কাটছেন তিনি।
শাকিব খান তার বাসায় ছেলে জয়কে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। বিষয়টি জানতে অপু বিশ্বাসকে ফোন দিলে তিনি বলেন, এইবার কয়েক জায়গায় আব্রাম খান জয়ের জন্মদিনে কেক কাটা হয়েছে। তার বাবা শাকিব খান জয়কে নিয়ে তার বাসায় একটা কেক কেটেছে।
বাবা শাকিব খান জয়কে কী উপহার দিলো জন্মদিনে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কিছুটা আমাদের ব্যক্তিগত থাকুক। এটা বলতে চাই না। তবে জয়কে যে ভালোবাসা দিয়েছে তা উপহারে থেকে অনেক বেশি। সেটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না।
দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান। এরপর গত বৃহস্পতিবার ঢাকায় পা রাখেন ঢালিউড কিং। এদিন হঠাৎ নায়ককে নব্যরূপে দেখে চমকে যান তার অনুরাগীরা। দাঁড়ি বড় করে, মাথায় ক্যাপ পরে সেলফিতে ধরা দেন তিনি। অনুরাগীরা মনে করছেন, এটি হয়তো শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন লুক।
জয়ের জন্মদিন উপলক্ষে আগে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে জয়ের ছবি পোস্ট করে শাকিব লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভিউ পাপা।’
অন্যদিকে শাকিব খানের আরেক ছেলে শেহজাদ খান বীর জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। বীরের মা বুবলীর ফেসবুকে একটি রিল প্রকাশ করা হয়েছে। সেখানে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’
তারকাপুত্র আব্রাম খান জয়ের জন্মদিনে তাদের ভক্ত-অনুরাগীরা সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।