ঘরের মাঠে বরিশালের কাছে হারল চিটাগং

ঘরের মাটিতে বরিশালের কাছে হারলো চিটাগং কিংস। মিথুনের দলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে চট্টগ্রামে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ফরচুন বরিশাল। বিপিএলে রোববার (১৯ জানুয়া...

ঘরের মাটিতে বরিশালের কাছে হারলো চিটাগং কিংস। মিথুনের দলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে চট্টগ্রামে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ফরচুন বরিশাল। বিপিএলে রোববার (১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে বরিশালকে মাত্র ১২২ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। রান তাড়ায় নেমে ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। উড়তে থাকা চিটাগং কিংস টানা চার ম্যাচ জয়ের পর এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এবারের বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চিটাগং কিংস। এরপর জয়ের ধারায় থাকলেও ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারল টানা দুই ম্যাচ। রংপুর রাইডার্সের কাছে পরশু ৩৩ রানে হারের পর চিটাগং কিংস আজ ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে। ঘরের মাঠে তিন ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ জিতেছে চিটাগং। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১২২ রানের লক্ষ্যে নেমে ফরচুন বরিশাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৩ রানে পরিণত হয় তারা। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ১৪ বলে করেছেন কেবল ৮ রান। তামিমের মতো তাওহীদ হৃদয় (১), মুশফিকুর রহিম (১১), মাহমুদউল্লাহ রিয়াদও (১৬) হয়েছেন ব্যর্থ। বিপাকে পড়া বরিশালকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ডেভিড মালান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন মালান। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। ১৯ বল হাতে রেখে বরিশালের ৬ উইকেটের জয়ে মালানই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফাহিম আশরাফ-রিপন মণ্ডলদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রানে থামে চিটাগং। দলের পক্ষে ৩৪ বল খেলে সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিথুন। ৩৪ বলে ২৭ রান করেন আরাফাত সানি। এছাড়া ১৩ বলে ১৯ রান করেছিলেন উসমান খান।   বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিম ও রিপন। ২ উইকেট শিকার করেন তানভীর ইসলাম। ৭ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও পোক্ত করলো বরিশাল। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং। ৮ ম্যাচের সব কটি জিতে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।