এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর টিউলিপ বাগান কাশ্মীরে
ফিচার ডেস্ক
বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দর ফুলগুলোর মধ্যে অন্যতম টিউলিপ। টিউলিপকে বসন্তের সবচেয়ে সুন্দর ফুল বলা হয়। টিউলিপ ফুলের বৈজ্ঞানিক নাম টুলিপা। এটি এক প্রকার পুষ্পজাতীয় উদ্ভিদ। টিউলিপ বর্ষজীবি ও বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। এটি মুকুল থেকে জন্মায়।
বিভিন্ন ধরনের রঙে শোভিত এ ফুল সৌন্দর্যপ্রেমীদের আকর্ষণ করবে। এই ফুলটিতে রংধনুর সব রঙেরই দেখা মেলে । টিউলিপ শব্দের অর্থ ‘নিখুঁত প্রেম’। অনেক ফুলের মতো টিউলিপের বিভিন্ন রংও প্রায়শই তাদের নিজস্ব তাৎপর্য বহন করে। লাল টিউলিপ ভালোবাসার প্রতীক, বেগুনি টিউলিপ রাজকীয়তার প্রতীক। সাদা টিউলিপ দক্ষতার বার্তা পাঠাতে ব্যবহার করা হয়।
বিশ্বে বর্তমানে সৌন্দর্যমণ্ডিত এ ফুলের সাড়ে তিন হাজারের মতো প্রজাতি রয়েছে। এটি বাগানে কিংবা বাণিজ্যিকভিত্তিতে জমিতেও চাষ করা হয়।
এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফুলের বাগানের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, যার অবস্থান ভূস্বর্গখ্যাত কাশ্মীরে। ভারতের জম্মু কাশ্মীরে টিউলিপের প্রসিদ্ধ বাগান রয়েছে যা পর্যটন কেন্দ্র হিসেবে পুরো বিশ্বে বিখ্যাত।এর অনেক প্রজাতির উদ্ভিদ দেখা যায়। গৃহের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধিকারী ফুল হিসেবে এর সুনাম রয়েছে।
ভারতের বিভিন্ন প্রদেশ ছাড়াও নানা দেশ থেকেই পর্যটকেরা আসেন এই দিগন্তজোড়া টিউলিপ বাগান দেখতে। পাহাড়ঘেরা এই বাগানের হাঁটাপথের দুই পাশে শুধু রঙ-বেরঙয়ের টিউলিপ। লাল, কমলা, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, কালোসহ নানা রং ও জাতের টিউলিপ ফোটে সেখানে। বিশেষ করে এপ্রিল মাসের দিকে গেলে সবচেয়ে বেশি টিউলিপের দেখা মিলবে। এই বাগানের ৬৮টি প্রজাতির ১৫ লাখ টিউলিপের বিস্ময়কর উদ্যান লক্ষাধিক পর্যটকদের আকর্ষণ করে।
টিউলিপ ঠান্ডা আবহাওয়া ভালোবাসে। তাই ইউরোপের শীতপ্রধান দেশগুলোতে টিউলিপ উৎপাদন বেশি হয়। তবে এখন আর টিউলিপ দর্শনে কাশ্মীর বা ইউরোপে যেতে হবে না! চাইলে দেশেই ঘুরতে যেতে পারবেন টিউলিপ রাজ্যে। বাংলাদেশের বিভিন্ন স্থানেই এখন চাষ হয় টিউলিপের। ঢাকার অদূরেই দেখা মিলবে ফুলটির বাগানের। গাজীপুরে গেলেই এখন দেখা যাবে টিউলিপের বাগান। সেখানকার শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খণ্ডগ্রামে গড়ে তোলা হয়েছে টিউলিপ রাজ্য।