হাকালুকিতে ৪৫ প্রজাতির ৩৫ হাজার জলচর পাখির বিচরণ
অতিথি ডেস্ক :
মৌলভীবাজার: প্রতি বছর ৪৫ প্রজাতির ৩৫ হাজার পরিযায়ী জলচর পাখির বিচরণ করে হাকালুকি হাওর এ । সম্প্রতি পাখি গবেষকদের গবেষণায় টেলিস্কোপ, বাইনোকুলারে এই সংখ্যা ধরা পড়েছে।
এ বছরও হাকালুকি হাওরের গুরুত্বপূর্ণ প্রায় ৪৫টি বিলে আমাদের গণনায় সর্বমোট ৩৫ হাজার ২৬৮টি পাখি পর্যবেক্ষণ করা হয়েছে। বাংলাদেশ বার্ড ক্লাবের পাখি গবেষক ওমর শাহাদাত এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান , গত বছরের তুলনায় এবার পাখিদের সংখ্যা তুলনামূলক কম দেখা গিয়েছে ।
সুম্পষ্টভাবে তিনি বিপন্ন-সংকটাপন্ন প্রভৃতি পাখি-প্রজাতিগুলো উল্লেখ করে বলেন, পিংলা বিলে বিশ্বব্যাপী বিপন্ন বেয়ারের ভূতি হাঁস (Baer's Pochard) দুটি, নাগুয়া-লরিবাই বিলে বাংলাদেশের জন্য বিরল প্রজাতির বৈকাল তিলিহাঁস (Baikal Teal) একটি, প্রায় সংকটাপন্ন ফুলুরি হাঁস (Falcated Duck) তিনটি, প্রায় সংকটাপন্ন মরচে রং ভূতিহাঁস (Ferruginous Duck) ১৫৮৮টি, প্রায় সংকটাপন্ন উত্তুরে টিটি (Northern Lapwing) ছয়টি, সংকটাপন্ন কালো মাথা কাস্তেচরা (Black headed Ibis) ৩৯৩টি এবং বিশ্বব্যাপী বিপন্ন পাতি ভূতিহাঁস (Common Pochard) ৯০৯টি (বাংলাদেশে কম উদ্বেগের) উল্লেখযোগ্য।
এছাড়াও পিয়ং হাঁস (Gadwall) ৫ হাজার ৫৫২টি, উত্তুরে ল্যাঞ্জ্যা হাঁস (Northern Pintail) ৪ হাজার ২৭২টি, এশিয় শামুকখোল (Asian Openbill) ৪ হাজার ২২৮টি পর্যবেক্ষণ করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবার পাখি সংখ্যা তুলনামূলক কম পরিলক্ষিত হয়েছে।বাংলাদেশ বার্ড ক্লাব সূত্র জানায়, জরিপে অংশগ্রহণকারী দলের ৮ সদস্য অংশগ্রহণ করেন। তারা হলেন- ওমর শাহাদাত (দলনেতা), ফা-তু-জো খালেক মিলা, সুলতান আহমেদ, মো. সাব্বির আহামেদ, উজ্জ্বল দাস, আবু মুসা রাজু, মাহফুজ হিমেল এবং খোরশেদ আলম।
হাকালুকিতে পাখিদের জীবন বিপন্ন- এ প্রসঙ্গটি উল্লেখ করে ওমর শাহাদাত বলেন, প্রায় প্রতিটি জলাশয়ে মৎস্য আহরণ এবং কিছু কিছু জলাশয়ের প্রায় পানি শূন্য করে মৎস্য আহরণ করা হয়েছে। ব্যাপকভাবে ধান চাষের আবাদ করতেও দেখা গেছে। তাছাড়া নাগুয়া বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকার, পিংলা বিলের পাশে বিষটোপ (কার্বোটাফ) দিয়ে পাখি শিকার স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। হাতেনাতে ধরে জাল নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া প্লাস্টিক দিয়ে তৈরি পরিত্যক্ত মাছ ধরার ফাঁদ সমগ্র হাওরে ব্যাপকভাবে দৃশ্যমান।