১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে দিলো বাংলাদেশের নারী ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে বিশাল জয় পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৩ ওভারে ক্যারিবিয়ান নারী দলের ৬ উইকেটে ৫৪ রান সংগ্রহ করেছিল । জবাবে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে ২৫ বল হাতে রেখেই জয় পেয়েছে।
আজ মঙ্গলবার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৬ বলে ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১৬ বলে ১১ রান করেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।
৫৫ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। কোনো বাধা-বিপত্তি ছাড়াই দুই ওপেনার বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেন। ফাহমিফা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস দল জিতিয়ে মাঠ ছাড়েন। ফাহমিদা ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়া ২৮ বলে ২৫ রান করেন।
বল হাতে বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি তিনটি ও আনিসা আক্তার সোবা দুটি উইকেট শিকার করেন। আর ক্যারিবিয়ান মেয়েরা অতিরিক্ত রানই দিয়েছেন ১৬।
যদিও টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছে সুমাইয়া আক্তারের দল।