বাংলাদেশ দল পাওয়ার প্লে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন

স্পোর্টস ডেস্ক :

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল ভারতের কাছে হেরেই ম্যাচ শুরু করেছেন । সেই ম্যাচেই পাওয়ার প্লেতে ব্যাটিং এ বিপর্যয়ে পড়েছিল শান্তর বাংলাদেশ দল। এরপরে তাওহিদ এর সেঞ্চুরি আর জাকের আলীর ফিফটিতে রীতিমতো লড়াই করেও তা যথেষ্ট প্রমাণিত হয়নি। ব্যাটিং খারাপ হলেও বোলিংয়ে বাংলাদেশ ভালোই করেছিল। ২২৮ রানের পুঁজি নিয়েও ভারতকে জেতার জন্য ৪৭তম ওভার পর্যন্ত অপেক্ষায় রেখেছিল। কিন্তু ব্যাটিংয়ে উন্নতি না করলে সবটাই বৃথা যেতে পারে। বিশেষ করে টপ অর্ডার। বাংলাদেশের আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু জিততে হলে আগে ব্যাটিং করলেও বিশাল পুঁজি লাগবে। আগের ম্যাচটি বাংলাদেশ খেলেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এবারের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি। এখানকার উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটিং সহায়ক। ২০২৩ সালে হওয়া শেষ দুটি ওয়ানডের তথ্যই তুলে দেওয়া যাক। দুই ম্যাচেই নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৩৭ ও ২৮৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা অবলীলায় পেরিয়ে যায় পাকিস্তান। সেই রাওয়ালপিন্ডির উইকেটেই এবার বাংলাদেশের ব্যাটাররা বড় ইনিংস গড়ার কিংবা বিশাল লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ নিতে সক্ষম কি না, গত সন্ধ্যার সংবাদ সম্মেলনে এসে তেমন প্রশ্নের মুখেই পড়লেন হেড কোচ ফিল সিমন্স। সিমন্সকে অবশ্য ব্যাটারদের ফর্মের চেয়ে বেশি ভাবাচ্ছে অন্য সমস্যা। সেটি পাওয়ার প্লেতে টপাটপ উইকেট হারিয়ে ফেলা। ভারতের বিপক্ষে ৮.৩ ওভারের মধ্যেই ৫ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। পরিস্থিতির চাপে সেদিন হূদয়-জাকের জুটিকে অনেকটা সময় ঝুঁকি এড়িয়ে ধরে খেলার চিন্তায় ডুবে থাকতে হয়েছে।