স্টারলিংক ও বাংলাদেশি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ শুরু

অতিথি নিউজ ডেস্ক :

ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তা করবে। শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী একটি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। এই সফরের অংশ হিসেবে এসব কোম্পানি স্টারলিংকের সঙ্গে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণ বিষয়ক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। স্টারলিংক দল বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য তাদের আগ্রহের কিছু স্থান চিহ্নিত করতে সহায়তা করছে। কিছু স্থানে কোম্পানিগুলো তাদের নিজস্ব সম্পত্তি ব্যবহার করবে, আবার কিছু স্থানে স্টারলিংক হাইটেক পার্কের সম্পত্তি বিবেচনা করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘স্থান বরাদ্দ এবং বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা চলছে।’ তিনি আশা প্রকাশ করেন, স্টারলিংক বাংলাদেশের শহর, প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল এবং উপকূলীয় এলাকায় লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে টেলিকম-গ্রেড ফাইবার নেটওয়ার্কের কভারেজ সীমিত এবং প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা রয়েছে, যা স্টারলিংককে উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।’ তৈয়ব আরও জানান, ‘আমরা ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি যুক্তিসঙ্গত মডেল বাস্তবায়ন করতে চেষ্টা করব।’ এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি মাস্ককে জানান যে, তার সফর বাংলাদেশের তরুণ নারী ও পুরুষদের সঙ্গে দেখা করার সুযোগ দেবে, যারা এই প্রযুক্তির সুবিধাভোগী হবে। প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায়। এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা টেলিফোনে ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশের স্টারলিংক সেবা চালু করতে আরও অগ্রগতি সাধনের জন্য আলোচনা করেছিলেন।