ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আরেফিনের মৃত্যুতে একদিনের ছুটি ঘোষণা

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোকজ্ঞাপন হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, সাবেক উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের পরিবেশ তৈরি করা হয়। অধ্যাপক আরেফিন সিদ্দিকের পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান সম্পর্কে মাইকিং করা হয় এবং শোকবার্তা প্রকাশ করা হয়। এছাড়া, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতও আয়োজন করা হয়। ঢাবি প্রশাসন জানায়, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছে। এর আগে গত শুক্রবার অধ্যাপক আরেফিন সিদ্দিক অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি হন। তার চিকিৎসা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়। অধ্যাপক আরেফিনের মৃত্যুর পর উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা মরহুমের জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।