মহাকাশে ৩০০ দিন আটকা, অবশেষে পৃথিবীতে ফিরে এলেন দুই নভোচারী

অতিথি নিউজ ডেস্ক :

মহাকাশে আটকে পড়া ৩০০ দিনের পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। শুরুতে ছিল মাত্র আট দিনের যাত্রা, কিন্তু এক গণ্ডগোলের কারণে মহাকাশে আটকে থাকতে হয় দুই নভোচারী বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামসকে। তাদের বহনকারী মহাকাশযান স্পেসএক্সের কারিগরি ত্রুটির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েন তারা। অবশেষে ৩০০ দিন পর, ১৯ মার্চ (বুধবার) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, তারা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। ভারতীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে তাদের বহনকারী স্পেসএক্স মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। নাসা নিশ্চিত করেছে যে, তাদের পৃথিবী ফেরার পুরো প্রক্রিয়া ছিল নিরাপদ। তাদের সঙ্গে মহাকাশযানে ছিলেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজ়ান্ডার গর্বুনভ। গত বছরের জুনে মহাকাশে পাড়ি দেওয়ার পর, মঙ্গলবার (১৮ মার্চ) ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়েন। এরপর বুধবার সকালে মহাকাশযানটি ফ্লোরিডা উপকূলে নিরাপদে অবতরণ করে। মার্কিন নৌবাহিনীর বোট তাদের উদ্ধার করতে এগিয়ে আসে এবং তাদের মহাকাশযান থেকে জাহাজে তোলা হয়। প্রথমে নিক হগ বেরিয়ে আসেন এবং পাঁচ মিনিট পর, সুনীতা উইলিয়ামস হাসিমুখে পৃথিবীতে ফিরে আসেন। এতদিন মহাকাশে থাকার পর, তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপরই তাদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি মিলবে। মহাকাশে থাকলেও খাবারের অভাব হয়নি সুনীতা এবং বুচের। তারা প্রতিদিন তিন বেলাই খাবার খেয়েছেন, যার মধ্যে ছিল গুঁড়া দুধ, পিৎজা, শ্রিম্প ককটেল, রোস্টেড চিকেন, টুনা মাছ এবং প্যাকেজজাত শুকনা ফল ও সবজি। মহাকাশে তাজা শাকসবজি বা ফল পাওয়া না গেলেও প্রতি তিন মাসে একবার তাজা খাবার পাঠানো হয়, যা শুকনো অবস্থায় প্যাকেজ করা থাকে। এছাড়াও, মহাকাশে মাছ-মাংসও পাঠানো হয়, যা ফুড ওয়ার্মার দিয়ে গরম করে খাওয়া হয়। ডিহাইড্রেটেড স্যুপ, স্ট্যু ও ক্যাসেরোলও তাদের মেনুর অংশ ছিল, যেখানে শুধু পানি যোগ করলেই তা খাওয়ার উপযোগী হয়ে যেত।