রেকর্ড গতিতে গলছে পৃথিবীর হিমবাহ, কি হতে চলেছে পরিণতি?

অতিথি নিউজ ডেস্ক :

হিমবাহের দ্রুত গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যা লাখ লাখ মানুষকে ভয়াবহ বন্যার ঝুঁকিতে ফেলছে। সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে এসব বিষয় তুলে ধরা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব হিমবাহ মনিটরিং সার্ভিসের পরিচালক মাইকেল জেম্প জানান, ১৯৭৫ সাল থেকে ৯ হাজার গিগাটন বরফ গলেছে, যা জার্মানির আয়তনের সমান এবং ২৫ মিটার পুরু একটি বরফখণ্ড তৈরি করবে। জলবায়ু পরিবর্তন চলতে থাকলে বরফ গলার পরিমাণ আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং বিশ্বের নানা স্থানে পানির উৎস কমে যাবে, যা অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক সমস্যা সৃষ্টি করবে। বিশ্বের প্রথম হিমবাহ দিবস উপলক্ষে ইউনেসকো এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং হিমবাহগুলোকে সুরক্ষিত রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পার্বত্য এলাকায় বসবাসকারী প্রায় ১১০ কোটি মানুষের জীবনে হিমবাহ গলার সরাসরি প্রভাব পড়ছে, বিশেষ করে পানির অভাব এবং বন্যার ঝুঁকির কারণে। বিশ্বজুড়ে উষ্ণতম অঞ্চলে ২০৩০ সালের মধ্যে হিমবাহের বিলুপ্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০০ থেকে ২০২3 সাল পর্যন্ত সময়ের মধ্যে, পার্বত্য হিমবাহ গলার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৮ মিলিমিটার বেড়েছে, যা প্রতি বছর ১ মিলিমিটার করে বেড়েছে। প্রতি মিলিমিটার বৃদ্ধি পেলে প্রায় তিন লাখ মানুষ বার্ষিক বন্যার ঝুঁকিতে পড়ে। এর ফলে, নিম্নাঞ্চলীয় দেশগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।