আজ থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
অতিথি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিদিনের মতো পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আজকের পরীক্ষার সূচিতে রয়েছে বাংলা প্রথম পত্র। চলতি বছর এসএসসির লিখিত পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত, এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পরীক্ষাকালীন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখাসহ বাড়তি নজরদারি করছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট লক্ষাধিক শিক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি — ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন। রাজশাহী, কুমিল্লা এবং যশোর বোর্ডে যথাক্রমে অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন এবং ১ লাখ ৪১ হাজার ৬৪ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে, যেন তারা পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় না করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ বজায় রাখতে সহায়তা করেন।