সীমান্তে নিরাপত্তা জোরদার: বাংলাদেশ ও পাকিস্তান ঘিরে ভারতের নতুন পদক্ষেপ
অতিথি নিউজ ডেস্ক ::
পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তজুড়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সদস্য থাকবে এবং এসব ইউনিটে মোট ১৭ হাজার নতুন সদস্য যুক্ত হবেন। বর্তমানে বিএসএফের ব্যাটালিয়নের সংখ্যা ১৯৩। নতুন ইউনিটগুলো যুক্ত হলে সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পুরো পরিকল্পনাটি নীতিগতভাবে ইতোমধ্যেই অনুমোদন পেয়েছে এবং এখন কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নতুন ব্যাটালিয়ন গঠনের কাজ ধাপে ধাপে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে সম্পন্ন হবে। এর মাধ্যমে সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
দুই নতুন হেডকোয়ার্টার: জম্মু ও মিজোরামে
সরকারি পরিকল্পনা অনুযায়ী, দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে। একটি গঠিত হবে জম্মুতে, যা পাকিস্তান সীমান্তের (বিশেষ করে জম্মু ও পাঞ্জাব অংশে) নিরাপত্তা তদারকির জন্য ব্যবহৃত হবে। অন্যটি মিজোরামে স্থাপন করা হবে, যার কাজ হবে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করা।
এই হেডকোয়ার্টারগুলো সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল নির্ধারণ, সেক্টরগুলোর মধ্যে সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে। বর্তমানে বিএসএফের পূর্ব ফ্রন্টিয়ার শিলচর, আইজল ও মণিপুর সেক্টরের তদারকির দায়িত্বে রয়েছে আসামভিত্তিক মিজোরাম-কাছার হেডকোয়ার্টার। পশ্চিম ফ্রন্টিয়ারে জম্মু সীমান্তে রাজৌরি, সুন্দরবনি, জম্মু ও ইন্দ্রেশ্বর নগর সেক্টর তদারকি করছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা।
প্রেক্ষাপট: জটিল হয়ে উঠছে সীমান্ত নিরাপত্তা
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য অনিশ্চয়তা—এই দুই ঘটনায় সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই বাস্তবতায় বিএসএফের কাঠামো ও সক্ষমতা বৃদ্ধির এই সিদ্ধান্তকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিয়োগ ও প্রশিক্ষণের প্রস্তুতি শুরু
বিএসএফ ইতোমধ্যেই নতুন পুরুষ ও নারী সদস্য নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। সদস্য নিয়োগের পর প্রশিক্ষণ প্রদান করে ইউনিটগুলোর কার্যক্রম শুরু করা হবে।
বর্তমানে বিএসএফের সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার, যারা মোট ৬ হাজার ৭২৬ কিলোমিটার সীমান্ত পাহারা দেয়। এর মধ্যে ভারত-পাকিস্তান সীমান্ত ২ হাজার ২৯০ কিলোমিটার এবং ভারত-বাংলাদেশ সীমান্ত ৪ হাজার ৯৭ কিলোমিটার। এই বিশাল সীমান্তে রয়েছে ১ হাজার ৭৬০টি বিএসএফ চৌকি, যদিও এখনও প্রায় ১ হাজার ৪৭ কিলোমিটার সীমান্তে কোনো স্থায়ী সুরক্ষাবেষ্টনী নেই।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং প্রতিকূল ভূপ্রকৃতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসএফের এই সম্প্রসারণ সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।