সীমান্তে উত্তেজনা: ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি চলছে

নয়াদিল্লি/ইসলামাবাদ, ৭ মে: জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাতে পাকিস্...

নয়াদিল্লি/ইসলামাবাদ, ৭ মে: জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাতে পাকিস্তানের একাধিক শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় হামলার পাল্টা প্রতিক্রিয়ায় তাদের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। এদিকে মঙ্গলবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে। সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি এবং মর্টার হামলা শুরু হয়েছে। পাক-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানান, ফরওয়ার্ড কাহুটা শহরে মর্টার আঘাতে দুজন পুরুষ নিহত হয়েছেন এবং নারী-শিশুসহ অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি গ্রামেও গুলিতে এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভারতের পক্ষেও রয়েছে প্রাণহানির খবর। ভারতীয় সংবাদমাধ্যম ‘টিভি নাইন বাংলা’ জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। চলমান উত্তেজনার জেরে পাক-অধিকৃত কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থগিত রাখা হয়েছে পরীক্ষাগুলো। সীমান্তের দুই পাশেই এখন উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে যদি কূটনৈতিকভাবে দ্রুত সমাধান না আসে।