যুক্তরাষ্ট্রে ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, কয়েকজন আহত
আন্তর্জাতিক ডেস্ক:
নিউইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ ধাক্কা দিয়েছে। শনিবার (১৭ মে) ভোরের আগে ইস্ট রিভারে ভেসে চলা অবস্থায় ‘কুয়াউতেমোক’ নামের তিন মাস্তুলবিশিষ্ট জাহাজটির ওপরের অংশ ব্রিজের নিচের অংশে আঘাত করে। সংঘর্ষে জাহাজটির একটি মাস্তুল ভেঙে পড়ে যায় এবং জাহাজ ও ব্রিজ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
নিউইয়র্ক ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের সহায়তা করেছে। তবে কতজন আহত হয়েছেন বা তারা জাহাজে ছিলেন নাকি সেতুতে, তা এখনো নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ধাক্কার সময় জাহাজের মাস্তুল ভেঙে সেতুর ডেকে পড়ে। সে সময় ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল চলছিল। ধাক্কার পর জাহাজটি নদীর পাড়ের দিকে ভেসে যায়। তীরে থাকা দর্শনার্থীরা আতঙ্কে সরে যান।
প্রত্যক্ষদর্শী সিডনি নিয়েডেল ও লিলি ক্যাটজ মার্কিন সংবাদ সংস্থা এপিকে বলেন, তারা সূর্যোদয়ের সময় ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। মাস্তুল ভেঙে পড়ার সময় জাহাজের ওপরের অংশে একজন মানুষ ঝুলে ছিলেন। প্রায় ১৫ মিনিট ধরে তিনি ঝুলে ছিলেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।
তারা আরও জানান, কমপক্ষে দুইজনকে স্ট্রেচারে করে জাহাজ থেকে একটি ছোট নৌকায় নামিয়ে নেওয়া হয়।
মেক্সিকান নৌবাহিনী এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে জানিয়েছে, তাদের প্রশিক্ষণ জাহাজ কুয়াউতেমোক ব্রুকলিন ব্রিজের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে জাহাজটি তাদের পূর্বনির্ধারিত প্রচারমূলক সফর চালিয়ে যেতে পারছে না।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত মেক্সিকান রাষ্ট্রদূত ও নিউইয়র্ক কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং আহত ক্যাডেটদের সহায়তা প্রদান করছে।
এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।