বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা: জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এপিবিএনের একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে সনাক্ত করে আটকে দেয়। পরে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, “নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা রয়েছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। সে কারণেই তাকে আটকে রাখা হয়েছে। মামলার সঙ্গে তার সম্পৃক্ততা যাচাইয়ের পর গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” নুসরাত ফারিয়া মডেল ও উপস্থাপক হিসেবেও সুপরিচিত।২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা: দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস ২: ব্যাক টু রুল’সহ একাধিক হিট ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য কিছু মহলে তিনি সমালোচনার মুখে পড়েন। তার উল্লেখযোগ্য অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘সুরঙ্গ’, ‘বিবাহ অভিযান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘যদি কিন্তু তবুও’ ইত্যাদি। এ বিষয়ে নুসরাত ফারিয়ার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।