ইরানে ফের ড্রোন হামলার চেষ্টা, ইসরায়েলি ড্রোন ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক :
তেহরান, ২৫ জুন: যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা থেমে নেই। মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে ইরানের আকাশসীমায় ইসরায়েলি একটি ড্রোন প্রবেশের চেষ্টা করলে তা ভূপাতিত করে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেই ইসরায়েল এই ড্রোন হামলার চেষ্টা করেছে।
ঘটনাটি ঘটেছে উত্তর ইরানের রাশত শহরের আকাশে। ইরানি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি শনাক্ত করেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সেটি লক্ষ্যভ্রষ্ট করে ভূপাতিত করা হয়। এরপর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে "গুরুতর পরিণতির" মুখোমুখি হতে হবে।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, "ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে ইসরায়েলের আচরণে আমি অসন্তুষ্ট।" ট্রাম্প আরও বলেন, "বোমা ফেলানো বন্ধ করুন, আপনার পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনুন।"
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় তিনি তেহরানে ‘তীব্র হামলা’র নির্দেশ দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, যদি ইসরায়েল আবার হামলা চালায়, তাহলে ইরান উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।