৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা, ইমিসহ তিনজন কারাগারে

রাজধানীর চানখারপুল এলাকায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রতিবাদে শাহবাগ থ...

রাজধানীর চানখারপুল এলাকায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রতিবাদে শাহবাগ থানার সামনে কর্মসূচি ঘোষণা করা হলে পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বেলা তিনটার দিকে চানখারপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর সময় শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক আসিফ আহমেদকে আটক করে শাহবাগ থানার পুলিশ। আসিফকে আটকের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শেখ তাসনিম আফরোজ ইমি, আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন। কর্মসূচির অংশ হিসেবে রিকশায় মাইক ব্যবহার করে আবারও ৭ মার্চের ভাষণ বাজানো শুরু করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সেখানে গিয়ে বাধা দেয় বলে জানা গেছে। তাদের মধ্যে ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্র শক্তি’র আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ কয়েকজন উপস্থিত ছিলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। এ ঘটনার পর শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  ঘটনাটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।