মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু: ময়নাতদন্ত সম্পন্ন
বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন জগতে। শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে তার পরিবার কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে যে কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্ত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে প্রাপ্ত প্রাথমিক রিপোর্টে তার মৃত্যুর পেছনে কোনো গুরুত্বপূর্ণ কিংবা সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। তবে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং রিপোর্টের পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
শেফালি জারিওয়ালার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। সেই গানটি তাকে ভারতজুড়ে তারকাখ্যাতি এনে দেয়। এরপর দীর্ঘ সময় তিনি বিনোদন জগতে অনিয়মিত ছিলেন, তবে তার জনপ্রিয়তা আজও অটুট।
শনিবার (২৮ জুন) শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে বলিউড ও টেলিভিশন জগতের বহু তারকা উপস্থিত ছিলেন, যারা শেফালির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।