ঢাকাসহ ৪ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

প্রতিনিধি ডেস্ক:

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, অতিভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে আজ দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৪৪০ মিলিমিটার পর্যন্ত পৌঁছেছে।